Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

সরকার দেশের ১৮ কোটি জনগণের উন্নয়নে কাজ করছে

সরকার দেশের ১৮ কোটি জনগণের উন্নয়নে কাজ করছে

বর্তমান সরকার ১৮ কোটি জনগণের উন্নয়নে কাজ করছে। বিগত দিনগুলোতে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে ধ্বংসস্তূপে পরিণত করে গিয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। এই জায়গা থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার দিন-রাত কাজ করছে। একটি দেশের মেরুদণ্ড ধ্বংস করতে এবং পরনির্ভরশীল করতে যা যা করা দরকার, তার সব করে গিয়েছে বিগত সরকার। বিএনপি সরকার বিদ্যুৎ, গ্যাস, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলস কাজ করে দেশকে পরনির্ভরশীলতা থেকে রক্ষা করার চেষ্টা করছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি ১৪টি এতিমখানা ও ৭টি সমাজকল্যাণ সংস্থার সরকারি অনুদানের ৩০ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এসব কথা বলেন।

এ সময় পুতুল আরও বলেন, ‘দেশে এখন পর্যন্ত ৭০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়ার সুযোগ নেই। যোগ্য ব্যক্তিরাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।’ প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের ১৮০ দিনে অর্জন- বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে পেরেছে। সরকার পরিবর্তন হলেও পথে পথে আতঙ্ক আর নাম বদল শুরু হতো। প্রতিষ্ঠান দখল হতো। কিন্তু ৫ আগস্টের পরে বিএনপি দেশে পাহারা দিয়েছে, যেন আর কোনো লাশ না পড়ে। বর্তমান সরকার একটি দীর্ঘমেয়াদি উন্নয়নের চেষ্টা করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী, বিএনপি নেতা ব্যারিস্টার ইউসুফ আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, শহর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, সাবেক ভিপি শামীম হোসেন, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টুসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।