Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

১৫ আগস্ট কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার

১৫ আগস্ট কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার

রাজধানীতে ১৫ আগস্টকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও প্রবেশপথগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।

ডিএমপি কর্মকর্তা নিয়াজ মেহেদী জানান, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হয়েছে। এ ছাড়া নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিভিন্ন অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস ও ট্রেন টার্মিনাল, লঞ্চঘাট, শপিংমলসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালন করছেন।

ডিএমপির তথ্যমতে, নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন স্থানে পিকেট ও তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে। মহানগরের প্রবেশপথগুলোতে কড়া নজরদারির পাশাপাশি তল্লাশি কার্যক্রমও চলছে। নিরাপত্তা কার্যক্রমে মাঠে রয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সুইপিং কার্যক্রম পরিচালনা করছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন (কুকুর) দল। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত রয়েছেন সিটিএসবি ও আইএডির সদস্যরা। ডিএমপির পাশাপাশি সার্বিক নিরাপত্তায় র‍্যাব ও সিআইডির অতিরিক্ত সদস্যরাও মাঠে কাজ করছেন।