পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোতে স্থানীয়দের হাতে আটক ভারতীয় দীপঙ্কর গোপকে (৩৫) সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে পুলিশে দেওয়া হয়। দীপঙ্কর গোপের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে।
পুলিশ ও বিজিবি জানায়, চা-শ্রমিক দীপঙ্কর গোপ শনিবার সকালে সদর উপজেলার বিরাজোত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি আখক্ষেতে প্রবেশ করেন। এ সময় আখ চুরি করার সময় স্থানীয়রা তাকে ধরে ফেলেন। পরে তাকে স্থানীয়রা আটক করে রাখেন। স্থানীয়রা তারা তাকে ফেরত দেওয়ার বিনিময়ে বুধবার সকালে ওই সীমান্ত থেকে বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দেওয়ার দাবি জানান। এ নিয়ে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে একাধিক পতাকা বৈঠক হয়। বৈঠকের আলোচনার সমাধান না হওয়ায় স্থানীয়রা ওই ভারতীয় নাগরিককে বিজিবির হাতে তুলে দেয়। বিকেলে বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।