দিনাজপুরে থানার ভেতরেই সিআইডি পুলিশ পরিদর্শকের গালে থাপ্পড়, গালিগালাজ
ও হুমকি দেওয়ার অভিযোগে মজিবর রহমান মজিব (৫৬) নামে এক কৃষকদল নেতাকে
গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাতে কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গ্রেফতার মজিবর রহমান দিনাজপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা।
ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম নওয়াবুর রহমান। তিনি দিনাজপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
মামলার
এজাহারে উল্লেখ করা হয়, একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও আগের তদন্ত
কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে রোববার দিবাগত রাতে কোতোয়ালি থানায় যান পুলিশ
পরিদর্শক নওয়াবুর রহমান। তিনি তখন সিভিল পোশাকে ছিলেন। প্রায় একই সময়ে
থানার ওসির সঙ্গে সাক্ষাতের জন্য যান মজিবর রহমান। ওসি সেই সময় থানায় ছিলেন
না। ওসির কক্ষের সামনে মজিবর রহমান পুলিশ সদস্য নওয়াবুরকে ওসির অবস্থান
সম্পর্কে জিজ্ঞেস করে কোথায় আছেন জানতে চান। এ সময় নওয়াবুর রহমান নিজেকে এই
থানার পুলিশ নয়, সিআইডির পুলিশ হিসেবে পরিচয় দেন। এ সময় মজিবের সঙ্গে থাকা
একজন নওয়াবুরকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। নওয়াবুর গালিগালাজের
প্রতিবাদ করলে মজিবর রহমান তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুজনের উসকানিতে
পুলিশ পরিদর্শক নওয়াবুরের ডান গালে সজোরে থাপ্পড় মারেন। এ সময় তাকে হুমকিও
দেন মজিবর। পরে থানায় কর্তব্যরত অন্য পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি
নিয়ন্ত্রণে নেন এবং মজিবরকে আটক করে থানায় রাখেন।