কুড়িগ্রাম প্রতিনিধি :
টানা অতিবৃষ্টিতে পানিতে তলিয়ে যাওয়া পাকা ধান কেটে কৃষকের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্যরা। শুক্রবার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।
জানা যায়, কয়েকদিনের প্রবল বৃষ্টিতে এলাকার বিস্তীর্ণ ধানক্ষেত পানিতে ডুবে যায়। শ্রমিক সংকটের কারণে কৃষক শ্রী রিপন চন্দ্র তার পাকা ধান কাটতে না পেরে দুশ্চিন্তায় পড়েন। এ অবস্থায় স্থানীয় এক ভিডিপি সদস্য বিষয়টি রাজারহাট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষক মো. উজ্জল হোসেনকে জানান।
পরে বিষয়টি জেলা কমান্ড্যান্টকে অবহিত করা হলে তার নির্দেশনায় শুক্রবার সকালে উপজেলা প্রশিক্ষক মো. উজ্জল হোসেনের নেতৃত্বে ২০ জন স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্য পানিতে নেমে কৃষকের পাকা ধান কেটে দেন।
এসময় কৃষক রিপন চন্দ্রসহ স্থানীয়রা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন