গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে ৫৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। এসময় একটি মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে সিপিসি-৩, র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানার ৮ নম্বর ওয়ার্ডের রাইগ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে রফিকুল ইসলামের বাড়ির পাশের একটি কাঁচা রাস্তার ওপর ধৃত আসামির ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. মিন্টু মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত দুলু মিয়ার ছেলে।
র্যাব আরও জানায়, অভিযান শেষে জব্দকৃত আলামতসহ গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মন্তব্য করুন